
নিউজ ডেস্কঃ গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, "যেসব বীরাঙ্গনা এখনও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি চলতি মাসেই তাদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে স্বীকৃতি দেওয়া হবে।" অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১৯ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গেজেট প্রকাশের পর বীরাঙ্গনাদের গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া ভাতাও দেওয়া হবে। ‘একজন মুক্তিযোদ্ধার যা যা পাওয়ার কথা তার সবই পাবেন বীরাঙ্গনারা। আগামী ২৬ মার্চ বা তার আগেই প্রধানমন্ত্রীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ভাতা তুলে দেবো। পরবর্তীতে তারা প্রত্যেকেই ১০ হাজার টাকা করে পাবেন।’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাড়ি তৈরির জন্য নারী মুক্তিযোদ্ধারা প্রত্যেকে ৮ লাখ টাকা পাবেন। আগামী মাসে আমি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে দেবো যারা জমি দিতে পারবে তাদের বাড়ি আগে করে দেওয়া হবে।’
উল্লেখ্য গত বছরের অক্টোবরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। এর মধ্য দিয়ে স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর একাত্তরের পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্যাতিত বাংলার বীরাঙ্গনারা এই প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান। বীরাঙ্গনার মৃত্যুর পর তার দাবিদারদের জন্যও গেজেটে নাম প্রকাশের আবেদনের সুযোগ রাখা হয়। আগামী ৩০ জুনের মধ্যে বীরাঙ্গনা নিজে বা তার দাবিদাররা মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি রকিবউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য ড. নাসরীন আহমাদ প্রমুখ। অনুষ্ঠানে ১৯ নারী মুক্তিযোদ্ধার প্রত্যেককেই সম্মাননাসহ নগদ ৫০ হাজার টাকা, দু’টি শাড়ি ও একটি চাদর দেওয়া হয়। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে না পারায় শেরপুরের নারী মুক্তিযোদ্ধা অছিরন বেওয়ার পক্ষে তার সম্মাননা গ্রহণ করেন স্বজন। সম্মাননাপ্রাপ্ত আরও ১৮ জন হলেন- ঢাকার কাঞ্চনমালা, ময়মনসিংহের রাজিয়া খাতুন কমলা, পইরবিন নেসা, রামেছা খাতুন, জাহারা খাতুন, ময়মুনা খাতুন, বরিশালের নুরজাহান বেগম, গাজীপুরের মমতাজ বেগম, গোপালগঞ্জের নাজমা বেগম (আগের নাম কানন বালা), সালেহা বেগম, শেখ ফাতেমা আলী,শেরপুরের হাসিনা বানু, সমলা বেওয়া, জোবেদা বেওয়া, সাহারা খাতুন , করফুলি বেওয়া ও লাইলী বেগম ।