
নিউজ ডেস্ক : কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মতিয়ার রহমান মতির উপর হামলাকারীরা এখনও গ্রেফতার হয়নি। সন্ত্রাসী হামলায় আহত মুক্তিযোদ্ধা মতি কমান্ডার হাসপাতালে শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। তাকে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে । প্রকাশ্য দিবালোকে কয়রার জনবহুল এলাকায় মতি কমান্ডারের উপর হামলায় যথেষ্ট উত্তপ্ত কয়রা । দোষীদের গ্রেফতার সহ দ্রুত আইনগত ব্যবস্হা না নিলে বড় ধরনের সংঘাত বেধে যেতে পারে ।
এদিকে মতি কমান্ডারের উপর হামলার পর গতকাল বিকেলে কয়রা উপজেলা সদরের স্বত:স্ফুর্ত ভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এসময় কয়রার মুক্তিযোদ্ধা জনতা মিলে উত্তর ফুলতলা মদিনাবাদ মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করা হয় । সমাবেশে বক্তৃতা করেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, এমদাদুল হক টিটো, রবিউল ইসলাম রবি প্রমুখ ।
সমাবেশে বক্তারা বিশিষ্ট মুক্তিযোদ্ধা , মুজিব বাহিনীর সদস্য প্রবীন আওয়ামিলীগ নেতা মতিউর রহমান ওরফে মতি কমান্ডারের উপর চিহ্নীত সন্ত্রাসী বাহারুল বাহিনীর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্ব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। এ সময় বক্তারা বলেন ৪৮ ঘন্টার মধ্যে থানা পুলিশ সন্ত্রাসী বাহারুল ও তার সাগরেদদের গ্রেফতার না করলে কঠোর কর্মসুচি দেয়া হবে।
এদিকে আজ রাত ১০ টার দিকে মোবাইল ফোনে নিউজ৭১ডটকম www.news71.com থেকে যোগাযোগ করা হয় কয়রা হাসপাতালে চিকিৎসাধিন মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান মতির সঙ্গে। হাসপাতালের শয্যায় শুয়ে দেশ মাতৃকার এই অকুতভয় সৈনিক বলেন, এখনও বাহারুল বাহিনী কয়রা উপজেলা সদর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে । কিন্ত পুলিশ তাদের গ্রেফতার করছে না। তাকে বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃস্টি করা হচ্ছে বলেও জানান তিনি।