
নিউজ ডেস্ক : এশিয়া কাপ ফাইনালের সময় বিদ্যুৎ না থাকায় হামলার আশঙ্কায় বগুড়ার ধুনট উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট হাসপাতাল রোডে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ১০ জন পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য বিকেল ৪টার দিকে আকস্মিক ঝড়ো-হাওয়ায় ধুনট উপজেলা এলাকায় বিদ্যুৎ চলে যায়।
এদিকে, বিদুৎ না থাকায় এশিয়া কাপের ফাইনাল খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শামসুল হক জানান, শেরপুর-ধুনট এলাকার মাঝামাঝি স্থানে বিদ্যুৎ লাইন ছিড়ে বিকেল থেকে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরপর থেকে বিভিন্ন এলাকার গ্রাহকরা মোবাইল ফোনে বিদ্যুৎ অফিস পুড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকেন। তাই থানায় আবেদন করে পুলিশ মোতায়েন করা হয়। বিদ্যুৎ লাইন মেরামত কাজ চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিদ্যুৎ সচল না হওয়া পর্যন্ত অফিসের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রাখা হবে।