
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্ত্রী সুমাইয়াও (৩৪)। আগুনে দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে ১০ দিন লড়াই করে অবশেষে আজ রোববার হার মানলেন জীবনের কাছে । দুই সন্তান ও স্বামীর পর চলে গেলেন সেও ।
রাজধানির সিটি হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ বলেন, বেলা সোয়া তিনটার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। তখন তাঁর নিজের ও স্বামীর পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
২৬ ফেব্রুয়ারি উত্তরায় গ্যাসের আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। ওই দিনই মারা যায় সুমাইয়ার দুই সন্তান সারলিন বিন নেওয়াজ (১৫) ও ১৪ মাস বয়সী জায়ান বিন নেওয়াজ। পরের দিন ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমাইয়ার স্বামী শাহনেওয়াজ (৫০)।
এই দম্পতির আরেক সন্তান জারিফ বিন নেওয়াজের শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। সে আশঙ্কামুক্ত এবং সিটি হাসপাতালে চিকিৎসাধীন।
২০ ফেব্রুয়ারি উত্তরায় নতুন ভাড়া করা ফ্ল্যাটে পরিবার নিয়ে ওঠেন মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ। গ্যাসের আগুনে তছনছ হয়ে যায় তাঁর পুরো পরিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছিলেন, শাহনেওয়াজের শরীরের ৯৫, তাঁর স্ত্রীর ৯০, সারলিনের ৮৮ ও জায়ানের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল।