
কলকাতা সংবাদদাতা : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাত দফা ভোট নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় বললেন বাংলার সঙ্গে বিমাতাসুলভ আচরণ হচ্ছে । নাম না করে সুর চড়ালেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। খাড়া করলেন রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব।
দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে তৃণমূলনেত্রীর নিশানায় ছিল সিপিএম-কংগ্রেস জোট। ২০১৬’র বিধানসভা ভোটে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বিরোধীদেরই আক্রমণ করলেন তৃণমূলনেত্রী। বিরোধীদের পাশাপাশি, বাংলায় কেন ৭ দফায় ভোট, সেই প্রশ্ন তুলে সুরও চড়ালেন ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ।
মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন তোলেন, ‘অসম, তামিলনাড়ুতে ২ দফা, কেরলে এক দফা, পশ্চিমবঙ্গে ৬ দফা কেন? আমাদের এখানে পরিস্থিতি শান্তিপূর্ণ…বার বার বিহারের সঙ্গে তুলনা করা হয় কেন? বাংলার সঙ্গে বৈমাতৃ সুলভ আচরণ হচ্ছে’…।
অবশ্য রাজ্যে ছয় দফা ভোটের ঘোষনার স্বস্তিতে বিরোধী শিবির । তৃনমুল নেত্রীর ব্ক্তব্যের জবাবে তারা পাল্টা কটাক্ষ করে বলেছেন, পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও ভোটকে ঘিরে এত রক্তক্ষয়ী সংঘর্ষ হয় না, বাকি রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা যথেষ্ট ভাল, তাই সেখানে এত দফায় ভোট করাতে হয় না, আর পশ্চিমবঙ্গে করাতে হয় ছয় দফায়।
তবে কিছুটা সতর্ক তৃণমূলনেত্রী সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংঘাতে যেতে চাইলেন না । তাই যথেষ্ট কৌশলি তৃনমুল নেত্রী মমতা বললেন,"এ সবই রাজনৈতিক চক্রান্ত। দলনেত্রী বলেছেন, কমিশনের চক্রান্ত বলব না…কমিশন কনস্টিটিউশনাল বডি…ওনাদের সিদ্ধান্তকে স্বাগত…তবে, এটা পলিটিক্যাল পার্টির চক্রান্ত…।"
অনেকেরই ধারনা সিপিএম-কংগ্রেস জোট-তৎপরতা চিন্তা বাড়িয়েছে তৃনমুল নেত্রীর । তাই তিনি সরব হচ্ছেন এ ভাবে সুর চড়াতে বিরোধীদের বিরুদ্ধে। গতকাল তৃণমূলনেত্রী সিপিএম-কংগ্রেস-বিজেপিকে এক পংক্তিতে রেখে তীব্র আক্রমণ করেন।
পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন , মুসলিম ভোটব্যাঙ্কের দিকে তাকিয়েই, ভোটের মুখে এখন বিজেপির সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করছেন মমতা। এটা তার নিছকই রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয় ।