
নিউজ ডেস্ক : নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেছেন, "বর্তমানে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে যে নারী কোটা চালু আছে আমাদের নারীরা সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করতে পারলে আগামি ২০৪০ সালে হয়ত পুরুষ কোটা চালু হয়ে যাবে। তিনি বলেন বর্তমান সময়ে নারীরা ঘরে যতোই ভাল কাজ করুক, পুরুষ বলবে তুমি তো শুধু খুন্তি নাড়ো। এখনো নারীদের ৭০ ভাগ প্রসংশা হয় রূপ নিয়ে, গুণ নিয়ে হয় ৩০ ভাগ। তাই নারীকে অধিকার আদায়ে শিক্ষায়, জ্ঞানে নিজেকে প্রস্তুত করতে হবে।"
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গতকাল শনিবার ইডব্লিউএমজিএল'র কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতিবাচক হলে কাজ করা সহজ হয়। বর্তমান সরকার নারী উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। নারীদের জন্য সকল ক্ষেত্রে কোটার ব্যবস্থাও রয়েছে।
কোটা পদ্ধতির সমালোচনা করে চুমকি বলেন, আমি নিজেও কোটার বিপক্ষে। কিন্তু, যেহেতু বাঁশি দেওয়ার আগেই পুরুষরা অনেকদূর এগিয়ে গেছে, তাই সমান জায়গা থেকে নতুন করে দৌড় শুরু করতে হলে নারী কোটার দরকার আছে। নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ২০৪০ সালে হয়ত পুরুষ কোটা চালু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী ইরানের উদাহরণ টেনে বলেন, সেখানে উচ্চশিক্ষিত নারীর সংখ্যা এত বেড়ে গেছে যে, ভর্তির ক্ষেত্রে এখন পুরুষদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বসুন্ধরা গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর'র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব. মোহাম্মদ আলী শিকদার, অভিনেত্রী নার্গিস আক্তার, গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী, জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার সাথিরা জেসি প্রমুখ