
কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মাহাদি নামের এক দেড়বছরের শিশুকে গলাকেটে হত্যা করলো তার জন্মদাত্রী মা। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে শিশুটির নানা বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ দেড় বছরের শিশু মাহাদী হাসানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় কৃষক আবুল কালামের সঙ্গে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে ছালামা আক্তারের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৩ মেয়ে ও ছেলে রয়েছে।
ছালামা আক্তার বহুদিন ধরেই মানসিকভাবে ভারসাম্যহীন। এজন্য প্রায়ই তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। এরই ধারাবাহিকতায় গত ১৫দিন আগে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন ছালামা আক্তার। আর আজ বেলা পৌনে ১২টার দিকে বসত ঘরের দরজা আটকে দা দিয়ে শিশুটিকে গলাকেটে হত্যা করে।পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তিনি রক্তাক্ত হাত ধুয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এসময় তিনি বলেন, ‘মাহাদী আর কান্না করবে না, সে ব্যবস্থা করে দিয়েছি’।
কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানিয়েছেন দূর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তাৎক্ষনিক ভাবে এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে । পাশাপাশি মামলা দায়ের করার প্রস্তুতিও চলছে বলে জানান এসপি।