
নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত পথে চোরাই পথে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ২১ ও ২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোলের পুটখালী ও সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন-ফরিদপুরের সালতা উপজেলার রায়েরচর গ্রামের রজন শেখের স্ত্রী নিলুফা বেগম (২৫), ফুলবাড়িয়া গ্রামের ইসরাইলের স্ত্রী আবেজা বেগম (৬০), একই উপজেলার রাজ্জাকের ছেলে হারুন মাতব্বর (৩৪), হারাকান্দি গ্রামের আক্তারের স্ত্রী মরিয়ম (৪০) ও মনিকগঞ্জের শিবালয় উপজেলার কাঠুরিয়া গ্রামের শেখ জব্বারের ছেলে স্বপন (৪০)।
জানাগেছে গতকাল সন্ধ্যায় বেশ কয়েকজন বাংলাদেশি পুটখালী ও সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বিজিবির দু’টি দল ওই দুই সীমান্ত এলকায় অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি অপুর্ব হাসান www.news71.com কে জানান, আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে (১১-সি) ধারায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের যশোর জেলা সদরে আদালতে পাঠানো হবে।