
আন্তর্জাতিক ডেস্ক : কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে গত সোমবার উদ্ধার হওয়া লাশটি একজন সাবেক ভূমিসচিবের বলে জানা গেছে। গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে। কিন্তু তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা যায়নি।
তবে গত ২ দিনে ব্যাপক অনুসন্ধানে নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব। হোটেলের ওই কক্ষটি দেলোয়ার হোসেন দুইমাসের জন্য ভাড়া নিয়েছিলেন। ২৭ দিনের মাথায় গত সোমবার হোটেলকক্ষে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছিল।
এদিকে কক্সবাজারে লাশ রাখার হিমঘর না থাকায় এবং লাশের নাম ঠিকানা শনাক্ত না হওয়ায় মৃত দেলোয়ার হোসেনকে বেওয়ারিশ দেখিয়ে দাফন করা হয়েছে বলেও জানায় পুলিশ। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
জানাগেছে, হোটেলে থাকাকালীন সময়ে দেলোয়ার হোসেন দিনের বেশির ভাগ সময় কক্ষে কাটাতেন। কখনো সৈকতে বসে থাকতেন। তিনি মোবাইল ফোন ব্যবহার করতেন না। কখনো কখনো হোটেলের এক কর্মচারীর মোবাইল ফোন দিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলতেন।
পুলিশ ওই মোবাইল ফোনের কললিস্টের একটি নম্বরে ফোন করলে অপরপ্রান্তে ফোন ধরেন রাজস্ব বোর্ডের সাবেক সদস্য বশির উদ্দিন আহমেদ। তিনিই পুলিশকে জানান, তার সহকর্মী ও বন্ধু সাবেক সচিব দেলোয়ার হোসেন ওই নম্বর থেকে তাকে মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলতেন। এরপর পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে লাশের একটি ছবি পাঠানো হয় বশির উদ্দিনকে। সেই ছবি দেখে গত মঙ্গলবার বশির উদ্দিন দেলোয়ার হোসেনকে শনাক্ত করেন। এরপরই পুলিশ দেলোয়ার হোসেনের আত্মীয়-স্বজন ও গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায় তার মৃত্যুর খবর জানায়।
এদিকে, লাশ উদ্ধারের পর হোটেল কক্ষে পাওয়া একটি চিরকুটের মাধ্যমে পুলিশ আত্মহত্যার বিষয়ে নিশ্চিত হয়। চিরকুটে তিনি আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি। তবে এটি সত্যিই আত্মহত্যা কিনা তা নিয়ে রহস্য থেকেই গেছে। স্বজনরা কক্সবাজার পৌঁছলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে।