News71.com
 Bangladesh
 02 Mar 16, 11:33 AM
 987           
 0
 02 Mar 16, 11:33 AM

বাগেরহাটের রামপালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ।।

বাগেরহাটের রামপালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ  ।।

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে শহিদুল ইসলাম ওরফে সাইদুলের (৪২) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২ মার্চ) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। শহিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে সাইদুল তার স্ত্রী নাজমা বেগমকে ধারালো দা’ দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী হত্যায় ব্যবহৃত দা’সহ সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন ২২ ফেব্রুয়ারি নাজমা বেগমের ছেলে আব্দুলাহ-আল-মামুন বাদী হয়ে পিতা সাইদুলের বিরুদ্ধে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রউফ খান তদন্ত শেষে ওই বছরের ২৩ মার্চ আসামি সাইদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। রাষ্টপক্ষের আইনজীবী বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মামলা চলাকালে আদালত হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ওই দম্পতির সাত বছরের সন্তান জুবায়ের কবিরসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। পরে বুধবার বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত সাইদুল আগামী সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলেও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন