News71.com
 Bangladesh
 05 Sep 16, 04:36 PM
 313           
 0
 05 Sep 16, 04:36 PM

বরিশালে টেম্পু শ্রমিকদের দুই সংগঠনে সংঘর্ষ, আহত ২ ।।

বরিশালে টেম্পু শ্রমিকদের দুই সংগঠনে সংঘর্ষ, আহত ২ ।।

নিউজ ডেস্কঃ বরিশাল মহানগর মাহেন্দ্র আলফা ও টেম্পু শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে একই সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে। অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর আমতলা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে মো. আসলাম ও শামীম হাওলাদার নামে দুই শ্রমিক আহত হয়েছেন। এ সময় মহানগর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের ব্যবহৃত চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মহানগর মাহেন্দ্র আলফা ও টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকন জানান, জেলা মাহেন্দ্র আলফা ও টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মোল্লার নির্যাতন এবং বেপরোয়া চাঁদাবাজি রুখতে গত ২৯ মার্চ মহানগর মাহেন্দ্র আলফা ও টেম্পু শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এ কারনে জেলা কমিটির নেতৃবৃন্দ তাদের উপর ক্ষিপ্ত হয়। সোমবার সকাল থেকে নগরীর আমতলা মোড় এলাকায় অস্থায়ীভাবে চেয়ার-টেবিল বসিয়ে মহানগর কমিটির নেতারা সদস্য সংগ্রহ করছিলেন। বেলা ১২ টার দিকে জেলা কমিটির সভাপতি লিটন মোল্লার নেতৃত্বে তার সহযোগী খলিলুর রহমান, ইলিয়াস, মিলন মোল্লাসহ একদল সন্ত্রাসী আকষ্মিক তাদের উপর হামলা চালায়। এতে তাদের দুই কর্মী আসলাম ও শামীম আহত হয়। হামলাকারীরা সেখানকার চেয়ার-টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ করেন মহানগর কমিটির সভাপতি।

জেলা মাহেন্দ্র আলফা ও টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে কতিপয় ব্যক্তি শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে তিনিসহ সংগঠনের নেতৃবৃন্দ আমতলা মোড়ে গিয়ে চাঁদা আদায়ের প্রতিবাদ জানান। কিন্তু কোন হামলা কিংবা মারধরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

কোতয়ালী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন