
নিউজ ডেস্কঃ রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত বাল্ক পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় বিশেষ সুবিধায় ঋণ পাবেন রপ্তানিকারকেরা। গতকাল রোববার (০৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে এ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমদানির বিপরীতে ইডিএফের আওতায় ঋণসুবিধা ছাড়াও অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে বাল্ক আকারে উপকরণ আমদানির সুবিধা প্রযোজ্য রয়েছে। ইডিএফের আওতায় বাল্ক আকারে আমদানিতে ঋণসুবিধা প্রদানে গ্রাহকপ্রতি সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। তবে ওই সীমা সংশ্লিষ্ট প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের গত ১২ মাসে স্থানীয় (প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যক্ষ রপ্তানি আয়সহ) সরবরাহের বিপরীতে প্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি হবে না ।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক কালে ইডিএফের আওতায় বাল্ক আকারে আমদানির নিমিত্তে ঋণসুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরবরাহের বিপরীতে বৈদেশিক মুদ্রায় প্রত্যাবাসিত মূল্য বিবেচনায় না নিয়ে সার্কুলারে বর্ণিত সর্বোচ্চ সীমা অনুযায়ী ঋণ প্রদান করা হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। প্রচ্ছন্ন রপ্তানিকারকের অনুকূলে বাল্ক আকারে উৎপাদন উপকরণ আমদানির ক্ষেত্রে ইডিএফ ঋণ অনুমোদনকালে সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী গ্রাহকপ্রতি ঋণ সীমার নির্দেশিত মাত্রা অতিক্রম না করার বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।