
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৪৪ বস্তা সরকারি চাল জব্দসহ বাদশা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সাচনাবাজার এলাকায় চাল জব্দ করার ঘটনা ঘটেছে। আটক বাদশা মিয়া উপজেলার সাচনাবাজার ইউনিয়নের লম্বাবাক গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজার থেকে একটি ট্রাকে করে সরকারি চাল সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, এমন খবর পেয়ে সাচনাবাজার যান ইউএনও। সেখান থেকে ট্রাকসহ এই চাল জব্দ করেন। চালের বস্তায় লেখা আছে, ‘খাদ্য অধিদপ্তরের জন্য, বিক্রয়ের জন্য নহে’। প্রতিটি বস্তায় ওজন লেখা আছে ৫০ কেজি।
ইউএনও টিটন খীসা বলেন, ‘আটক বাদশা মিয়া সরকারি চালের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। একেক সময় একেক কথা বলছেন। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’