
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় বিকাশের ২ কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা নগদ ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বেলা আড়াইটার দিকে শিল্পাঞ্চলের জামগড়ার বটতলা এলাকায় মন্ডল মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ২জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে ।
গুলিবিদ্ধ ২ বিকাশ কর্মী হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ ইসলাম (২৬) ও বগুড়ার লোকমান হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। গুলিবিদ্ধ শুভর মামা আদিল হোসেন জানান, শুভ ও জাহাঙ্গীর বিকাশের এজেন্টদের কাছ থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে আশুলিয়ার বিকাশ অফিসে যাচ্ছিলেন ।
পথে বটতলা এলাকায় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ২জনেরই ডান পায়ে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে ।