
নিউজ ডেস্কঃ অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সংকটের কারণে চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ১৬ ধরনের তেল উৎপাদনে চরম ঝুঁকিতে পড়ল দেশ। রোবাবার বিকালে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত না থাকায় দুপুর থেকে তিনটি ইউনিটের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী দুটি ইউনিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় চলতি মাসের শুরু থেকেই চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি কাঁচামালের সংকটে ভুগছিল। পরিস্থিতি সামাল দিতে ৫ এপ্রিল থেকে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।