
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার সমন্বিত ব্যবস্থা গ্রহণ করবে। পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন এবং পরিমাপে কারচুপি রোধকল্পে চলমান মোবাইল কোর্ট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গঠিত সার্ভাইল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হবে।
আজ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত বিশেষ কার্যক্রম এবং চিনির বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিনি বিক্রয় কার্যক্রম সম্পর্কে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। শিল্পমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য কিনতে ও ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ, প্রচার করা হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। করোনা মহামারির এই লকডাউনের সময় পণ্য পরিবহন ও সরবরাহ স্বাবাভিক থাকবে বলেও জানান তিনি।z