
নিউজ ডেস্কঃ গরিব অসহায়-অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য ৩০ হাজার গৃহনির্মাণের লক্ষ্যে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভায় জানানো হয় 'বীর নিবাস’ নামে এসব বাড়ি জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙয়ে তৈরি করা হবে। সভায় এ প্রকল্পসহ আরো পাঁচ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা খরচে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। একনেক এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অবস্থান নিয়ে একনেক সভায় অংশ নেন।