
নিউজ ডেস্কঃ মাঠ প্রশাসনে রদবদলে দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। জেলাগুলো হলো-ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলা। জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্য সাত জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগে সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর এবং স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়ার ডিসি নিয়োগ পেয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহানকে হবিগঞ্জ এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।