
নিউজ ডেস্কঃ রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ মো. বাবু খাঁ (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, মো. বাবু দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো কৌশলে কাভার্ড ভ্যানে থাকা বিভিন্ন কাঁচামালের আড়ালে লুকিয়ে ঢাকায় নিয়ে আসতো। এরপর তিনি ঢাকাসহ দেশর বিভিন্ন জেলায় এসব ফেনসিডিল সরবরাহ করতেন। আটক মাদককারবারির বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।