
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৫ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।মঙ্গলবার (২৬ জানুয়ারি) রেড ক্রিসেন্টের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এরই মধ্যে কোভিড-১৯ টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) সহযোগিতায় সরকারের স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত এসব স্বেচ্ছাসেবকরা সরকারের করোনা টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে।