
নিউজ ডেস্কঃ নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের উত্তর বেরুবন্দ দীঘলটারী গ্রামে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ পরিবারের ৬৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় ৯টি ছাগল, একটি গরু, দেড়শতাধিক হাঁস-মুরগি ও কবুতর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
বৃহস্পতিবার দুপুরে শিমুলবাড়ি ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মো. হামিদুল হক ওই অগ্নকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। ওই আগুনে পাশের বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। তিনি বলেন, বৃহস্পতিবার পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক বান্ডিল করে ঢেউটিন ও খাবার সরবরাহ করা হয়েছে।