
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাতজন সাক্ষীকে জেরা করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে তাদের জেরা করেন। এ সময় আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ ও শহীদুল ইসলাম পিন্টুসহ কয়েকজন। আদালতে জেরা করা সাত সাক্ষী হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার মুজিব ও ফটোগ্রাফার শহীদুল হক জীবন এবং বাস চালক নজিবুল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও সাংবাদিক ইয়ারব হোসেন।