
নিউজ ডেস্কঃ চাঁদা না দেওয়ায় এক কাপড় ব্যবসায়ীসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর পল্লবী থানা এলাকার মিরপুর ১১ নম্বরের এভিনিউ ফাইভের হাজী হোটেলের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম কামরুল হাসান জয়। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি, সাবেক উপ স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক। এ হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা জয়সহ ১০ জনের বিরুদ্ধে পল্লবী থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ীর বড় ভাই সৈয়দ সাদ্দাম হোসেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন আমার ছোট ভাই সৈয়দ ফয়েজের মিরপুর ১০ নম্বরে সামিয়া সিল্ক হাউজ নামে একটি বেনারসী শাড়ির দোকান রয়েছে। চলতি মাসের ১৩ তারিখ ছাত্রলীগ নেতা জয় তার সহযোগীদের নিয়ে দোকানে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফয়েজ চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে জয়ের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে মিরপুর-১১ নম্বর এভিনিউ ফাইভ হাজী হোটেলের সামনে ফয়েজ তার বন্ধুদের নিয়ে একটি দোকানে চা পান করছিলেন। এমন সময় জয় তার বাহিনী নিয়ে ওই দোকান ঘিরে ফেলেন। এরপর তার উপর ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে হামলা চালানো হয়। জয়সহ অর্ধশতাধিক সন্ত্রাসী এ হামলায় অংশ নেন। এর মধ্যে ১০ জনকে চিহ্নিত করা গেছে। ফয়েজকে এলোপাতাড়ি কোপাতে দেখে তার বন্ধু ইমরান, জুয়েলসহ আরও কয়েকজন এগিয়ে এলে তাদেরও কোপানো হয়।