
নিউজ ডেস্কঃ দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর মামলার নতুন তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। এসময় তিনি ঘটনাস্থলের ছবি তোলেন। কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। একজন প্রত্যক্ষদর্শী মাটিতে শুয়ে পুলিশের গুলি খাওয়ার পর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের দেহ কিভাবে পড়েছিল তা দেখান নতুন তদন্ত কর্মকর্তাকে। এর আগে ইট দিয়ে শরীরের অবয়ব তৈরি করে ঘটনার সময় সিনহা রাশেদের অবস্থান বোঝার চেষ্টা করেন তিনি।একটি প্রাইভেটকার দাঁড় করিয়ে সিনহা রাশেদের গাড়ির প্রতীকী অবস্থান তৈরি করেন। ঘটনার সময় এপিবিএনের চেকপোস্টের ব্যারিকেডগুলোর অবস্থান বোঝার চেষ্টা করেন তিনি।ঘটনাস্থলে গিয়ে তদন্ত দলকে দেখে এগিয়ে আসেন অনেকে। তাদেরকে নিজের নম্বর দিয়ে নির্ভয়ে তথ্য জানাতে আহ্বান করেন তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম।