
নিউজ ডেস্কঃ শেরপুরে ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামে নিজবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বন্দভাটপাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪৫) ও ইয়াকুব আলী (৩৫)। ঝিনাইগাতী থানার ওসি মো. আবুবকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোসল শেষে ইয়াকুব আলী বাড়ির উঠানে টানানো জিআই তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুতায়িত হয়। তার এঅবস্থা দেখে বড় ভাই ইউছুফ আলী তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তড়িঘড়ি করে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুই ভাইকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।
স্থানীয়রা জানান, কাপড় শুকানোর জন্য টানানো ওই জিআই তারের ওপর বাড়ির বিদ্যুত সংযোগের একটি তার ছিঁড়ে পড়ায় এঘটনা ঘটে। এদিকে দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নুর ফারিয়া আইরিন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।