
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে ভূমিকা রাখতে সবার প্রতি আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বর্তমান সরকারের পরিকল্পনায় গ্রামভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হলেই প্রধানমন্ত্রীর এ স্লোগানের স্বপ্নের দেশ পাওয়ার প্রত্যাশা করেন মন্ত্রী।কৃষিমন্ত্রী বলেন, এসব উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রের অবস্থা গণমাধ্যমে তুলে আনার দায়িত্ব সাংবাদিকদের। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংশ্লিষ্ট এলাকাকে জাতির সামনে উপস্থাপন করে। তাই নির্ভুল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে সাংবাদিকদের নিজেদের দায়িত্ব পালনের প্রতিও মন্ত্রী আহবান জানান।সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যাসাসিয়েশনের কার্যালয় উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মন্তব্য করেন। ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় ওই কার্যালয় উদ্বোধন হয়।