News71.com
 Bangladesh
 28 Jul 20, 06:13 PM
 214           
 0
 28 Jul 20, 06:13 PM

ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে ভারতীয় রেল ইঞ্জিনগুলো॥

ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে ভারতীয় রেল ইঞ্জিনগুলো॥

নিউজ ডেস্কঃ ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশকে যে ৩৩০০ এইচপি ডব্লিউডিএম৩ডি লোকোমোটিভ ইঞ্জিন দিয়েছে তা ২০ বছর বা তারও বেশি সময় টিকে থাকবে। এসব ইঞ্জিনগুলো প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে। গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হস্তান্তর অনুষ্ঠান শেষে দর্শনা স্টেশনে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরী সাংবাদিকদের একথা বলেন। মঞ্জুর-উল-আলম চৌধুরী আরও বলেন, ভারতীয় ইঞ্জিনগুলো মালগাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী ট্রেনগুলো নিয়ে যেতে সক্ষম হবে।  পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ্ বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) ইঞ্জিনগুলোকে নিয়ে রেলওয়ের প্রধান লোকোমোটিভ কারখানা সৈয়দপুরে পাঠানো হবে। সেখানে রেলওয়ের প্রধান প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করবে। 

 

 

স্বাধীনতার পর প্রথম বাংলাদেশে গত জুন মাসে পণ্যবাহীর যে ওয়াগনগুলো ভারত থেকে এসেছে তার থেকে রেলওয়ে সাড়ে ১১ কোটি টাকা রাজস্ব আয় করেছে। চলতি মাসেও আয় বেড়েছে। এতে উভয় দেশের সঙ্গে যেমন সেতুবন্ধন তৈরি হবে, তেমনি রাজস্ব বৃদ্ধি পাবে। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ে জোন রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ, পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান প্রকৌশলী, আল ফাত্তাহ মাসউদূর রহমান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত-ই-খোদা, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্ল্যাহ ভূইঞা, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো: নাসির উদ্দিন,পাকশি বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রান্ত প্রমুখ। এরআগে দর্শনা বর্ডার স্টেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনটিকে স্মরণীয় করে রাখতে গাছের চারা লাগিয়ে ‘বৃক্ষরোপণ’ কর্মসূচি পালন করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন