
নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি এই অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতাররা হলেন- শাকিল খাঁন (২২) ও যুবাইদ হাসান রচি (৩২)। সোমবার (২৭ জুলাই) মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, ২১টি সিম কার্ড ও ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবি ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আজহারুল ইসলাম মুকুল জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ দেশি-বিদেশি প্রতারক চক্রের সদস্য। তারা Binany নামক ক্যাসিনো প্লাটফর্মের মাধ্যমে Binanys, profi Iq, Binany Go App সহ আরও কিছু প্রতারণামূলক অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়ার ব্যবসা পরিচালনা করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তারা ফেসবুক পেইজ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিকাশ ও নগদ এজেন্ট নম্বরের মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল। চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে ই-ওয়ালেটের মাধ্যমে তারা এক বছরে ক্যাসিনো প্লাটফর্মের মূল হোতা Astam এবং শাখাওয়াত হোসেন ওরফে শাওনকে কয়েক কোটি টাকা সরবরাহ করেছে। এ বিষয়ে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।