
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী মারা গেছেন। আজ সোমবার (২৭ জুলাই) সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে ।
এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়াও উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন ।