
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮ জনে। রোববার (২৬ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর একদিন আগে (শনিবার) মারা যান ৩৮ জন। এছাড় আক্রান্ত হন ২ হাজার ৫২০ জন। সে হিসাবে একদিনে মৃত্যু বেড়েছে ৪২ ভাগ। সারাদেশের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষা করা নমুনায় ২ হাজার ২৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।