
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের চলমান সহযোগিতার অংশ হিসেবে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উত্তরবঙ্গের বন্যাকবলিত অঞ্চলে ঘর-বাড়ি বা জীবিকা হারানো নাজুক পরিবারগুলোর জন্য দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা ঘোষণা করেছেন। রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দু’টি ইউনিয়নের সবচেয়ে বিপন্ন মানুষ যারা ঘর-বাড়ি হারা, ক্ষুধার্ত, আশ্রয়হীন ও অন্য কোনো সহায়তা পাচ্ছে না তাদের এ সহায়তা দেওয়া হবে। শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বন্যাকবলিত সহায়তার মধ্যে রয়েছে উপযুক্ত মানুষদের জন্য বহুমুখী নগদ অর্থ সহায়তা। তাছাড়া এ পরিবারগুলোকে জরুরি পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সহায়তা দেওয়া হবে, যা রোগ-জীবাণু প্রতিরোধ বিশেষত কোভিড-১৯’র বিস্তার প্রতিরোধে অত্যাবশ্যক। নগদ অনুদান গ্রহীতারা এ অর্থ দিয়ে তাদের তাৎক্ষণিক চাহিদা পূরণে জরুরি উপকরণ কিনতে পারবে। এর ফলে দুর্যোগের মধ্যেও স্থানীয় অর্থনীতি সবল থাকবে। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, প্রবল বন্যায় তাৎক্ষণিক সহায়তা দেওয়া জরুরি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সহায়তা দিতে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকার বিগত বহু দশকের মতো অঙ্গীকারবদ্ধ। যেসব এলাকায় এ সহায়তা দেওয়া হবে সেগুলো হলো- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন। ইউনিয়নগুলোর মধ্যে বন্যায় এ দু’টি এলাকার মানুষই সবার আগে ক্ষতিগ্রস্ত হয়েছে।