
নিউজ ডেস্কঃ নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাফফর আহমেদ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রতিষ্ঠানটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে আসামি করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারিতে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে রোগীদের চিকিৎসার জন্য নকল এন-৯৫ মাস্ক দিয়েছে অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন। আমরা বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএসএমএমইউ'তে গত ২৭ মে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া বিষয়টি গৃহীত হয়। এরপর গত ২৭ জুন একটি কার্যাদেশের মাধ্যমে ১১ হাজার এন-৯৫ মাস্ক সরবরাহের জন্য অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে বলা হয়। এ প্রতিষ্ঠানটি গত ৩০ জুন প্রথম লট, গত ২ জুলাই দ্বিতীয় লট, তৃতীয় লট ও গত ১৩ জুলাই চতুর্থ লটে যথাক্রমে এক হাজার ৩০০ পিস, ৪৬০ পিস, এক হাজার পিস ও ৭০০ পিস ফেস মাস্ক সরবরাহ করে। এতে আরও বলা হয়, এরপর প্রথম ও দ্বিতীয় ব্যাচে যারা দায়িত্ব পালন করেছেন তাদের দেওয়া এন-৯৫ মাস্ক নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ লটের মাস্ক বিতরণ ও ব্যবহারে ত্রুটি পাওয়া যায়। এসব মাস্কের গুণগতমান স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি। কোনো কোনো ফেস মাস্কের বন্ধনী ফিতা ছিড়ে গেছে। কোনো কোনো ফেস মাস্কের ছাপানো লেখায় ত্রুটিপূর্ণ ইংরেজি লেখা পাওয়া গেছে। আসল এন-৯৫ মাস্কের সঙ্গে নকল মাস্কও সরবরাহ করে অপরাজিতা ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রায় ৮০-৯৫ লাখ টাকার মাস্ক নিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এ বিষয়ে গত ১৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।