
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ'র) ১০ তলা কেবিন ব্লক পুরোটা ভবন করোনা ইউনিট করার জন্য কাজ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই সরাসরি করানো রোগীদের ভর্তির কার্যক্রম শুরু করা হবে। গতকাল বুধবার বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, হাসপাতালের কেবিন ব্লক পুরো ভবন করোনা ইউনিট করা হচ্ছে। এজন্য সেখানে সেন্ট্রাল অক্সিজেন এর কাজ চলছে। পাশাপাশি ওই ভবনে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) আছে। এই কেবিন ব্লকে আমরা আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা দিতে পারব।
তিনি আরও বলেন কেবিন ব্লক ছাড়াও পুরোনো বেতার ভবনকে আইসোলেশন সেন্টার করা হবে। সেখানে ১৫০ জন রোগী থাকতে পারবে। তবে সেখানে সেন্টাল অক্সিজেন আপাতত করা হচ্ছে না, সিলিন্ডার অক্সিজেন থাকবে। বিএসএমএমইউ কেবিন ব্লকের আইসিইউ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আখতারুজ্জামান বলেন, কেবিন ব্লকের ৭ তলায় ২১ আইসিইউ বেড আছে। এছাড়া ৮ তলায় ১৬টি এইচডিইউ বেড আছে। আশাকরি আগামী সপ্তাহে আমরা করোনা রোগীদের ভর্তি কার্যক্রম শুরু করতে পারবো। অলরেডি চিকিৎসকদের ডিউটিরত রোস্টারের কাজ প্রায় শেষ। হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য কেবিন ব্লকে কোন ওয়ার্ড বরাদ্দ দেওয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহামারি করোনাকালে, আক্রান্ত সবাই যেন সঠিকভাবে চিকিৎসা পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।