
নিউজ ডেস্কঃ কিট সঙ্কটে নোয়াখালী, নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্ধ নমুনা সংগ্রহ ও করোনা শনাক্তের পরীক্ষা। অনেক জেলায় চলছে ধীর গতিতে। এতে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। সিন্ডিকেটের কারণেই কিটের সঙ্কট তৈরি হয়েছে বলে দাবি খোদ সরকারদলীয় এমপি ও স্বাস্থ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীর। দেশের স্বাস্থ্যবিভাগ সিন্ডিকেটের কাছে জিম্মি বলেও জানান তিনি।সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত করোনা টেস্টের সক্ষমতা বাড়িয়ে চলছে সরকার। ইতিমধ্যে সারাদেশে চালু করা হয়েছে ৬২টি পরীক্ষাগার।তবে কিটের অভাবে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর পিসিআর ল্যাবের করোনা পরীক্ষা কার্যক্রম। একই কারণে ৫দিন ধরে নারায়ণগঞ্জে বন্ধ আছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। এতে ভোগান্তির শেষ নেই চিকিৎসা প্রত্যাশীদের।
চাহিদা অনুযায়ী কিট না পাওয়ায় চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলার পিসিআর ল্যাবের কার্যক্রমেও ধীরগতি।এ অবস্থার জন্য কিট আমদানি কম হওয়াসহ নানা অজুহাত দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। তবে সিন্ডিকেটের কারণেই কিটের কৃত্রিম সঙ্কট তৈরি হচ্ছে বলে দাবি করেন সরকারি দলের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী।সংসদ সদস্য একরামুল চৌধুরী বলেন, এখানে একটা বড় সিন্ডিকেট, তারা বলেছিল ১ লাখ কিট দেয়ার জন্য। তারাই বাংলাদেশে এনে তাদের কাছে রেখে দিয়েছে। এদের নেতৃত্বে আছে মিঠু। উনি সেখান থেকে নেতৃত্ব দিয়ে এসব করাচ্ছেন।