News71.com
 Bangladesh
 15 Jun 20, 09:38 PM
 322           
 0
 15 Jun 20, 09:38 PM

বাংলাদেশের দরিদ্রদের সহায়তায় যুক্তরাষ্ট্র দিচ্ছে ১৭৩ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা॥  

বাংলাদেশের দরিদ্রদের সহায়তায় যুক্তরাষ্ট্র দিচ্ছে ১৭৩ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা॥   

নিউজ ডেস্কঃ ঢাকায় এক লাখ দরিদ্র মানুষকে খাদ্য সহায়তার জন্য ১৭৩ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মসূচি জোরদার করতে এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য এই অর্থ ব্যয় করা হবে। আজ সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই অর্থ কল্যাণপুর ও সাততলা বস্তিতে থাকা নিম্ন আয়ের অভাবী এক লাখ মানুষকে খাদ্যের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদনের সঙ্গে বাজারের সংযোগ পুনঃস্থাপন ও সরবরাহ ব্যবস্থাকে জোরদার করতে ব্যবহার করা হবে ।

এদিকে নতুন নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকদের জন্য ইউএসএআইডি ও স্বাস্থ্য অধিদফতর যৌথভাবে ‘কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং রোগী ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করেছে। আন্তর্জাতিক এনজিও ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ)-এর ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রশিক্ষণে অংশ নেওয়া চিকিৎসক ও নার্সরা নিজেদের নিরাপত্তা বজায় রেখে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের কার্যকরভাবে চিকিৎসা দেওয়ার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া হ্রাসে সহায়তা করতে পারবেন। এই ব্যাচের প্রশিক্ষণের মধ্য দিয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সর্বমোট এক হাজার চিকিৎসকের প্রশিক্ষণ শেষ হবে। প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকগণ তাদের নিজ নিজ কর্মস্থল হাসপাতালে ফিরে গিয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ৩ হাজার নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবাদানকারীদের এই বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন