
নিউজ ডেস্কঃ বাজেটে সামাজিক নিরাপত্তাবলয়ের আওতা বাড়ছে। আসছে বাজেটে নতুন করে ৫ লাখ মানুষকে বয়স্কভাতার আওতায় আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার আওতায় আসবে নতুন করে সাড়ে ৩ লাখ উপকারভোগী। প্রতিবন্ধী ভাতায় যুক্ত করা হবে ২ লাখ ৫৫ হাজার জনকে। সবমিলিয়ে নতুন করে আরও ১১ লাখ ৫ হাজার মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে ।
এছাড়া দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা, ভিজিডি কার্যক্রম, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপবৃত্তি ও প্রশিক্ষণ, ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীদের সহায়তা, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি ইত্যাদি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী ।