News71.com
 Bangladesh
 20 May 20, 10:43 PM
 314           
 0
 20 May 20, 10:43 PM

ফলের সরবরাহ বাড়ানোর জন্য টোল কমাতে কৃষি মন্ত্রণালয়ের চিঠি।।

ফলের সরবরাহ বাড়ানোর জন্য টোল কমাতে কৃষি মন্ত্রণালয়ের চিঠি।।

নিউজ ডেস্কঃ মৌসুমি ফল ও কৃষিপণ্য বাজারজাত করার সুবিধায় সেতুর টোল কমানো, ট্রাকের জ্বালানিতে ভর্তুকিসহ কয়েকটি সুবিধা চায় কৃষি মন্ত্রণালয়। আর এই সুবিধাগুলো দিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক চিঠিতে এসব অনুরোধ জানানো হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের মধ্যে আছে সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসির ট্রাক ব্যবহার, ব্যাংকের লেনদেনের সময়সীমা বাড়ানো, ফিরতি ট্রাকের বঙ্গবন্ধু সেতুসহ অন্যান্য সেতুতে টোল কমানো, ট্রাকের জ্বালানিতে ভর্তুকি, পার্সেল ট্রেনে হিমায়িত ওয়াগন বা প্যাডেস্টাল ফ্যানের ব্যবস্থা, ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে আম, লিচুসহ মৌসুমি ফল অন্তর্ভুক্ত করা।

চিঠিতে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ১৬ মে আম, লিচুসহ মৌসুমি ফল ও কৃষিপণ্য বিপণনসংক্রান্ত অনলাইনে মতবিনিময় সভার সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়। কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওরে ধান কাটা শ্রমিকদের যেভাবে স্বাস্থ্যবিধি মেনে পাঠানো হয়েছে। তেমনি অন্যান্য জেলা থেকে ব্যবসায়ী, আড়ৎদার ও ফড়িয়াদের যাতায়াত নির্বিঘ্ন করা, প্রয়োজনে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র প্রদান ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা দরকার। মৌসুমি ফল ও কৃষিপণ্য পরিবহনে দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও অন্যান্য পরিবহনের অবাধে যাতায়াত নির্বিঘ্ন করা, পরিবহনের সময় যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থা করা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন