
নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জনস্রোত ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। জনস্রোত ঠেকাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে বৈধ কাগজপত্র দেখছেন। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় সীমাহীন দুর্ভোগ মাথায় নিজ নিজ গন্তব্যে পায়ে হেঁটেই ছুটে চলেছেন সাধারণ লোকজন। বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস পোস্টকামুরী চরপাড়ায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. রুবায়েত হোসেন বলেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্যার এর নির্দেশনায় কঠোর অবস্থান নিয়েছেন পুলিশ বাহিনী। দেশে করোনা ভাইরাস মহামারি ঠেকাতে যে কোন উপায়ে জনসমাগম বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। ঢাকা থেকে কোন লোকজন ঢাকার বাইরের জেলায় যেতে পারবেন না এবং বাইরের জেলা থেকে কোন লোকজন ঢাকায় প্রবেশ করতে পারবেন না। যে যেখানে অবস্থান করছেন সে সেখানে অবস্থান করেই ঈদ উৎসব পালন করবেন। আমরা সরকার এবং পুলিশের মহাপরিদর্শকের নির্দেশ পালন করে যাচ্ছি।