News71.com
 Bangladesh
 30 Apr 20, 05:58 PM
 199           
 0
 30 Apr 20, 05:58 PM

আপাতত খুলছে না স্কুল॥ তাই এক পরীক্ষায় পরের ক্লাসে প্রাথমিকের শিক্ষার্থীরা

আপাতত খুলছে না স্কুল॥ তাই এক পরীক্ষায় পরের ক্লাসে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে সেপ্টেম্বরের মধ্যে স্কুল চালু করা না গেলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক একটি মূল্যায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাভাবিক হিসেবে বছরে তিনবার (প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক) পরীক্ষা নেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে। করোনার ছুটি দীর্ঘায়িত হলে এ পরীক্ষাগুলো নেওয়া হবে না। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্কুল বন্ধের সময়ে পাঠদানের বিকল্প হিসেবে সংসদ টেলিভিশনে ভার্চুয়াল ক্লাস চালু করা হয়েছে। এর পাশাপাশি কমিনিউটি রেডিওতে ক্লাস এবং মোবাইল ফোনভিত্তিক পাঠদান শিক্ষার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্যেও কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, আমাদের কাছে আমাদের সন্তানরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনোভাবেই তাদের ঝুঁকির মধ্যে আনব না। পরিস্থিতি যদি ভালো না হয়, তাদের স্কুলে না আনতে পারি, তা হলে আমরা ভার্চুয়াল ক্লাসগুলো চালিয়ে যাব। এখন তো আমরা ভার্চুয়াল মিটিং করে অফিস করছি। আমাদের কাজকর্ম তো বন্ধ নেই। পরীক্ষা বা শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে সচিব বলেন, পরীক্ষা পরের বিষয়, আগে তাদের লেখাপড়ার দিকে বেশি নজর দিচ্ছি। আমরা তো পরীক্ষাকেন্দ্রিক লেখাপড়া থেকে দূরে সরার চেষ্টা করছি। আগেই সিদ্ধান্ত হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এ বছর ১০০টি স্কুলে পাইলটিং করা হচ্ছে এ পদ্ধতি। আগামী বছর শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে এ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুতরাং পরীক্ষা আমাদের কাছে মুখ্য বিষয় নয়, মুখ্য হচ্ছে শিশুদের কতটা শেখাতে পারলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন