
নিউজ ডেস্কঃ বাড়তি সময় পেয়েও আমদানি পণ্যবাহী কনটেইনার খালাস না নিয়ে বন্দরে ফেলে রেখেছিলেন পোশাকশিল্প মালিকেরা। এসব কনটেইনার বন্দরে রাখার ভাড়ায় আবারও ছাড় পেলেন তারা। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনে বন্দর কর্তৃপক্ষ পোশাকশিল্প মালিকদের সুবিধা দিয়ে এই আদেশ জারি করেছে। পোশাকশিল্প মালিকেরা সুবিধা পেলেও সরকারি সংস্থার কারণে সবচেয়ে আর্থিক ক্ষতির শিকার হওয়া বাণিজ্যিক আমদানিকারকেরা কোনো ছাড় পাচ্ছেন না। বন্দর কর্মকর্তারা জানান, ২৬ মার্চ সাধারণ ছুটির সময় থেকে বন্দর দিয়ে আমদানি করা সব ধরনের কনটেইনার রাখার ভাড়ায় ছাড় দেওয়া হয়েছিল। সাধারণ ছুটির কারণে বেশিরভাগ সংস্থার সেবার আওতা সীমিত করায় এই ছাড় দেওয়া হয়। কিন্তু ছাড় দেওয়ার সুবিধা নিয়ে উল্টো বন্দরে কনটেইনার ফেলে রেখে জট তৈরি করায় ২০ এপ্রিলের পর সে সুবিধা প্রত্যাহার করে নেয় বন্দর। এখন আবার বিজিএমইএ'র চাপে এই সুবিধা দেওয়া হচ্ছে। নতুন আদেশের বিষয়ে বন্দর সচিব ওমর ফারুক বলেন, বিজিএমইএ'র আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুবিধা আগামী ৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে খালাস নেওয়া হলে শুধু বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের আমদানি কনটেইনার রাখার ভাড়া দিতে হবে না।