
নিউজ ডেস্কঃ করোনার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজ নিজ জেলখানা ও ডিটেনশন সেন্টারগুলো খালি করছে। তারই অংশ হিসাবে ১৩৮ বাংলাদেশির কারাদণ্ড মওকুফ করে ঢাকায় ফেরত পাঠিয়েছে বাহরাইন। সন্ধ্যা ৬ টার দিকে বাহরাইন সরকারের ভাড়া করার গাল্ফ এয়ারের একটি স্পেশাল ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছে দেয়া হয়। মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় ১৫০ বাংলাদেশির দণ্ড কমিয়ে মুক্তি দেয়া হলেও স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে কোভিড-১৯ এর উপসর্গ থেকে সম্পূর্ণ মুক্ত ১৩৮ জনকে বিমানে তোলা হয়েছে। বাকীদের যখন সময় হবে তখন দেশে পাঠানো হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার মাস্কাটের জেলে থাকা ২৯২ বাংলাদেশিকে স্পেশাল ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দেয় ওমান সরকার। তারও আগে সৌদি আরব চলতি মাসের মাঝামাঝিতে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া ১৪৪ বাংলাদেশির সঙ্গে ১৬৮ প্রবাসী, যারা বিভিন্ন অপরাধে কারাগারে ছিলেন তাদের স্পেশাল বিমানে তুলে ঢাকায় পাঠিয়ে দেয়। যদিও ঢাকা চেয়েছিল করোনার এই কঠিন মুহুর্তে কোনো প্রবাসী ফেরত না আসুক।