
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল ও এর পাশ্ববর্তী এলাকার নিম্ম আয়ের জনগণকে গতকাল শনিবার উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ এই সাহায্য বিতরণ করেন। জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।