
নিউজ ডেস্কঃ করোনা পরীক্ষায় রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য বুথ বা উইস্ক কেবিন তৈরি করছে সুপরিচিত শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ। যা তারা বিভিন্ন হাসপাতাল ও প্রয়োজনীয় স্থানে সরবরাহ করবে। এটি প্রাণ-আরএফএল গ্রুপের সাতটি সুরক্ষা পণ্যের একটি, যা তা করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর গত এক মাসে তৈরি করেছে। বুথ ছাড়া বাকি পণ্যগুলো হচ্ছে ফেস শিল্ড, সার্জিক্যাল গগলস, জীবাণুনাশক বা হ্যান্ড স্যানিটাইজার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি বা পিপিই ফুল গাউন, বডি ব্যাগ বা মরদেহ বহনের ব্যাগ ও শ্বাস নিতে সহায়তাকারী যন্ত্র বা ব্রেথিং অ্যাসিস্ট্যান্স। পণ্যগুলো তৈরি করেছে আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নরসিংদীর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গেটওয়েল লিমিটেডের নিজস্ব কারখানায় পণ্যগুলো উৎপাদিত হচ্ছে।