
নিউজ ডেস্কঃ বাজারে সরবরাহ বাড়াতে রোজার পণ্য খালাস করে নেওয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর। আজ রবিবার এই চিঠি দেওয়া হয়। পণ্য খালাস নেওয়ার জন্য সরাসরি আমদানিকারকদের কাছে চিঠি দেওয়ার মতো উদ্যোগ সাম্প্রতিক সময়ে এবারই প্রথম।বন্দর সূত্রে জানা গেছে, বন্দর চত্বরে যাদের আমদানি করা পণ্য রয়েছে তাদের কাছে পৃথক পৃথক চিঠি দিয়ে তা খালাসের জন্য এই চিঠি দেওয়া হয়। আবার ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বার এবং আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাছেও এই চিঠি দেওয়া হয়েছে।
বন্দর পর্ষদের সদস্য জাফর আলম জানান, বন্দরে যেসব প্রতিষ্ঠানের আমদানি করা পণ্য আছে তাদের তালিকা করে তা খালাস নেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে। এতে যেমন বাজারে রোজার পণ্যের সরবরাহ বাড়বে, তেমনি বন্দরে কনটেইনার জটও কমবে। বন্দরের হিসাব অনুযায়ী, রবিবার বন্দরে ১ হাজার ৪৭৩ টন পেঁয়াজ, ৪৭৫ টন আদা, ৮৫০ টন রসুন রয়েছে। এ ছাড়া ৫৭ হাজার ৫০০ টন তাজা ফল রয়েছে। এই চারটি পণ্যবাহী কনটেইনার রয়েছে আড়াই হাজার। আমদানিকারকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বন্দরে এখন ৪৩ হাজার ৭৪০ একক কনটেইনার পড়ে আছে, যা ধারণক্ষমতার চেয়ে বেশি। গত এক মাস ধরে পণ্যবাহী কনটেইনার খালাসের হার ছিল কম। এর মধ্যে রোজার পণ্য রয়েছে। পণ্য খালাস কমে যাওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালানো যাচ্ছে না।
ভোগ্যপণ্য ছাড়াও রোজায় ফলের সরবরাহ বাড়াতে চিঠি দিয়েছে বন্দর। ফল আমদানিকারক সমিতির কাছে চিঠি দিয়ে ৫৭ হাজার ৫০০ টন তাজা ফল খালাস নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বন্দর। বন্দরের চিঠির বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে পণ্য খালাসে দেরি হওয়া নিয়ে আমদানিকারকেরা জানিয়েছেন, পণ্য খালাসের সঙ্গে যুক্ত সব সংস্থার কার্যক্রম সীমিত আকারে চলছে। কাস্টমস এর কার্যক্রম স্বাভাবিক হলেও অন্য সংস্থাগুলোর কার্যক্রম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে সময় লাগছে। আদা–রসুন আমদানিকারক নুর হোসেন বলেন, বন্দরে পণ্য আসার পর এখন খালাসে সময় লাগছে বেশি। অনেকগুলো সংস্থা থেকে অনুমোদন বা পরীক্ষা–নিরীক্ষা করাতে হয়। আগে এক–দুদিনে শেষ করা গেলেও এখন কয়েকদিন সময় লাগছে।