News71.com
 Bangladesh
 26 Apr 20, 11:27 AM
 283           
 0
 26 Apr 20, 11:27 AM

রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।। র‌্যাব মহাপরিচালক

রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।। র‌্যাব মহাপরিচালক

নিউজ ডেস্কঃ রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেন। আশা করছি, এবার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এ লক্ষ্যে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, পাশাপাশি গোয়েন্দা অভিযানও অব্যাহত থাকবে। র‌্যাবে নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত মহাপরিচালক বলেন, রমজানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ দেশব্যাপী চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। ভার্চুয়াল জগতে মনিটরিংয়ে থাকবে সাইবার মনিটরিং সেল। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রমজানে তারাবি ও ঈদের নামাজের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা বাস্তবায়নে র‌্যাবের নজরদারি থাকবে। তিনি বলেন, করোনাকালে লকডাউনের সুযোগে চাল-পেঁয়াজসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বৃদ্ধির অপচেষ্টা হয়েছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা রুখে দেয়া সম্ভব হয়েছে। র‌্যাব রাজধানীর বাবুবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে। সরকারি খাদ্যশস্য বিতরণেও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার ও কয়েকটি নিয়মিত মামলা করেছে।

করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক দূরত্ব ও লকডাউন বাস্তবায়ন নিশ্চিতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে প্রচারণা, নিয়মিত টহল মাইকিং, চেকপোস্ট, নৌ টহল অব্যাহত রয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ যেন বাইরে বের না হয় সে লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সারাদেশে ৩৫৮ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। যার মাধ্যমে ২ হাজার ২৪০ জনকে ৩ কোটি ৪০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ, নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, কিট তৈরি ও অবৈধ আমদানি ও বিক্রির বিরুদ্ধে রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, মিডফোর্ড, বনানী, বাবুবাজার, নয়াবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ প্রতিষ্ঠানের ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিম্নমানের ও অব্যবহৃত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও ১২০০ কিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন