
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ৩০০ অতিথিকে দাওয়াত দিয়ে খাওয়ানো ব্রাহ্মণবাড়িয়ার সেই সিভিল সার্জন ডা. মো. শাহ আলম সপ্তাহের একদিন বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। কর্মহীন অর্থহীনদেরেক তিনি টাকা ছাড়া ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) করে দেওয়ার পাশাপাশি নিজের টাকায় ওষুধ কিনে দিচ্ছেন। ডা. মো. শাহ আলম সপ্তাহের প্রতি শুক্রবার রোগী দেখেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার লোকনাথ ফার্মেসিতে। আগে তিনি নিয়মিতই ওই ফার্মেসিতে বসে সেবা দিতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মেডিক্যাল অফিসার হিসেবে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, ইউএইচএফপিও থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হন ডা. মো. শাহ আলম। বর্তমানে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক। তবে তিনি রোগীদের কথা চিন্তা করে এখনও নিয়মিত প্রাইভেট চেম্বার করছেন। তবে করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন অর্থহীন রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশনের বিপরীতে কোনো টাকা নেন না। প্রসঙ্গত, গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরকারি বাসভবনে ৩০০ অতিথিকে দাওয়াত খাইয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। পরবর্তীতে তাঁকে ওএসডি করা হয়। ডা. শাহ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।