
নিউজ ডেস্কঃ করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উৎপাদিত কিট সংগ্রহ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। সরকারের কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে না পারলেও গণস্বাস্থ্যের কিটের নমুনা নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর প্রিভেনশন-সিডিসির প্রতিনিধিরা। এ বিষয়ে অধিদপ্তর বলছে, গণস্বাস্থ্যের উৎপাদিত কিট এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় গবেষণা সমাপ্ত না করে তারা এই কিট কাউকেই হস্তান্তর করতে পারে না।সারা বিশ্বেই সংকট রয়েছে করোনা'র কিটের। আবার যাও বা আছে সেসব কিটে শতভাগ সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ-বিস্তর।বিশ্বে করোনার দাপটের শুরু থেকেই কিট তৈরির চেষ্টা করে আসছে গণস্বাস্থ্যকেন্দ্র। শনিবার (২৫ এপ্রিল) সরকারের কাছে সেই কিট হস্তান্তরের ঘোষণা দেয় গণস্বাস্থ্য। তাদের দাবি, তারা শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে উদ্ভাবিত কিটে সঠিক ফল পেয়েছেন।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওষুধ প্রশাসনের তারা বলেছেন, তারা আজকে আসতে পারবেন না। মন্ত্রীকেও অনুরোধ করেছি, তবে কোনো উত্তর পাইনি। আর্মি প্যাথলোজি ল্যাবরোটরিতেও আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে অনুমতি পাননি বলে আসতে পারবেন না। বিএমআরসির চেয়ারম্যান ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ।কিন্তু আয়োজিত অনুষ্ঠানে সরকার তরফের কোনো সংস্থা বা ব্যক্তি কেউই উপস্থিত ছিলেন না। এ বিষয়ে যোগাযোগ করা হলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করছে না গণস্বাস্থ্য।