News71.com
 Bangladesh
 24 Apr 20, 11:03 PM
 156           
 0
 24 Apr 20, 11:03 PM

বৈশ্বিক মহামারিতে অসহায়দের পাশে ফুটবলার নেইমার-এলিসনরা॥

বৈশ্বিক মহামারিতে অসহায়দের পাশে ফুটবলার নেইমার-এলিসনরা॥

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দারুণ দুর্দশায় পড়া সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রায় ১০ লাখ ডলার দান করবে সেলেসাওরা। নেইমার-এলিসন বেকারসহ ব্রাজিল জাতীয় দলের ফুটবলাররা ও কোচ তিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাসে দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্রাজিলই। এখন পর্যন্ত প্রায় অর্ধলাখ মানুষ আক্রান্ত হয়েছে এতে। মৃত্যুবরণ করেছে প্রায় ৩ হাজার মানুষ। এর মধ্যে সুবিধাবঞ্চিতরাও কাজ না থাকায় পড়েছেন বেশ দুর্দশায়।

তাদের সাহায্য করতেই ব্রাজিল ফুটবল পাশে এসে দাঁড়িয়েছে। যে তহবিলে নেইমার-এলিসনরাসহ ব্রাজিলের খেলোয়াড় কোচ ও স্টাফদের মিলিয়ে ৫৭ জনের একটি দল ২৫ লাখ ব্রাজিলিয়ান রিয়াল দান করেছেন। সংস্থাটির ভাষ্য মতে, খেলোয়াড়দের দানের সঙ্গে আরও অর্থ যোগ করে এই ত্রাণকাজে নেমেছেন তারা। এ ব্যাপারে নেইমার ব্রাজিল ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে লেখেন, ‘এখনকার মতো কঠিন মুহূর্তে অনেক পরিবারেরই সাহায্য প্রয়োজন হয়।’

এ অর্থ তিনটি সংস্থার মাধ্যমে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিচ্ছে ব্রাজিল ফুটবল। সংস্থা তিনটি সাধারণত ব্রাজিলের ঘনবসতিপূর্ণ বস্তিগুলোর মানুষজনকে খাবার ও স্যানিটারি দ্রব্যাদি দিয়ে আসছে। ব্রাজিল ফুটবল প্রধান রোজেরিও ক্যাবোকলো জানান, তাদের এ উদ্যোগ আগামী দুই মাস সুবিধাবঞ্চিত মানুষগুলোর খাবার ও স্যানিটারি প্রয়োজন মেটাতে পারবে। কোচ তিতে ও তার খেলোয়াড়রা অন্য খেলার খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদেরও দান করে এই উদ্যোগে শামিল হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। ব্রাজিল ফুটবল জানিয়েছে, তহবিলের অর্থ সুবিধাবঞ্চিত লোকজনকে প্রদান করার কাজটি করবে দেশের বহুজাতিক প্রতিষ্ঠান আর্ন্সট অ্যান্ড ইয়াং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন