
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে দেশের সব স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ। কিন্তু টেকনাফের স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আনা হচ্ছে ছোলা। ব্যবসায়ীরা বলছেন, পবিত্র রমজান সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, টেকনাফ স্থলবন্দর দিয়ে শুধু খাদ্যপণ্য আমদানি হচ্ছে। হিমায়িত মাছের পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে মিয়ানমার থেকে পেঁয়াজ, রসুন, আদা ও ছোলা আমদানির চেষ্টা চলছে।
আমদানিকারকেরা বলেন, গত তিন দিনে কার্গো ট্রলারে টেকনাফ পৌঁছেছে প্রায় ৮০ মেট্রিক টন (১ হাজার ৬০০ বস্তা) ছোলা। শিগগিরই আসবে আরও ১০০ টন। করোনা-আতঙ্কে মিয়ানমারের দোকানপাট বন্ধ থাকায় চাহিদামতো ছোলা আনা যাচ্ছে না। আমদানিকারকেরা আরো বলেন, মিয়ানমার থেকে আনা প্রতি কেজি ছোলার দাম পড়ছে ৬৫ টাকা। টেকনাফ বন্দর থেকে ট্রাকে সেই ছোলা চট্টগ্রামের খাতুনগঞ্জ পৌঁছাতে খরচ হয় আরও তিন টাকা। কিন্তু ৬৮ টাকার এই ছোলা টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবসার উদ্দিন বলেন, পবিত্র রমজানে দেশের চাহিদা মেটাতে ছোলা আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, টেকনাফ বন্দর দিয়ে ছোলা-পেঁয়াজের আমদানি যাঁরা করেন, কমবেশি সবাই চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী। এ কারণে আমদানি পণ্য আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে চলে যায়। কক্সবাজার, টেকনাফের ব্যবসায়ীরা আমদানিতে যুক্ত হলে কম দামে ছোলা ও পেঁয়াজ স্থানীয় বাজারে বিক্রির সুযোগ পেতেন।