
নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় সরকারি তহবিলে অনুদান দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দুর্যোগে প্রবাসী বাংলাদেশিদের অনুদান দু'দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কেপটাউন সিটি মেয়র। আফ্রিকার দেশগুলোতে দিনে দিনে বেড়েই চলছে করোনার সংক্রমণ। লকডাউনের কারণে স্থবির পুরো দেশ। কর্মহীন হয়ে তীব্র অর্থাভাব এবং খাদ্যাভাবসহ বহুমুখী সংকটে আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠী। দেশের গরিব জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সব শ্রেণির ব্যবসায়ীর সহযোগিতায় গঠন করা হয়েছে সলিডারিটি ফান্ড। আর সেখানেই সহযোগিতা হাত বাড়িয়েছেন আফ্রিকায় বসবাসরত প্রবাসী সংগঠন ‘বাংলাদেশের কমিউনিটি অফ কেপটাউন’।
সংগঠনের পক্ষ থেকে কেপটাউনের মেয়র ও সংসদ সদস্যের মাধ্যমে স্থানীয় সুবিধা বঞ্চিতদের জন্য খাবার সরবরাহ করা হয়।বাংলাদেশ কমিউনিটি অফ কেপটাউনের সেক্রেটারি সালাউদ্দিন সুজনের সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি আব্দুর রহিম সাফিউদ্দিনের দিক নির্দেশনায় আর্থিক অনুদান এবং ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আতিকুর রহমান, জাহাঙ্গীর চোকদারসহ অন্যান্যরা। আফ্রিকার জাতীয় দুর্যোগে মোকাবেলায় বাংলাদেশ কমিউনিটির সরকারি সাহায্যে তহবিলে বড় অঙ্কের অনুদানকে স্থানীয় মেয়র এবং সংসদ সদস্যরা প্রশংসা করেন। একইসঙ্গে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের যেকোনো সংকট বা দুর্যোগের সময় তারাও সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন।